দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ: তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক ও দায়বদ্ধ। রাষ্ট্র পরিচালনায় জনগণের সমর্থন পেলে বিএনপি সরকার দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কঠোর অবস্থান নেবে এবং দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করবে।
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হয়।
তারেক রহমান বলেন, জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই। জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস উল্লেখ করে তিনি বলেন, দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।
ভাষণে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ২০২৪ সালের ৭ জানুয়ারির তথাকথিত নির্বাচনে তিনি জনগণকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বর্তমান ফ্যাসিবাদমুক্ত পরিবেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি জনগণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বিশেষ করে তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।
তারেক রহমান আরও বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণ বিএনপির প্রার্থীদের নির্বাচিত করলে ১৩ ফেব্রুয়ারি থেকে নির্বাচিত এমপিরা জনগণের দায়িত্ব নেবেন। নির্বাচিত প্রতিনিধিরা তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নেবেন বলেও অঙ্গীকার করেন।
তিনি বলেন, জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মহানবীর আদর্শ অনুসরণ। দেশবাসীর কাছে এটি তাঁর ও বিএনপির অঙ্গীকার বলে জানান তিনি।