মহান স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৬:০৯ পিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নানা কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি জানানো হয়।
বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের কর্মসূচি রয়েছে।
ভোর ৫টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। এরপর শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। ঢাকায় ফিরে এসে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরেও পুষ্পস্তবক অর্পণ করবেন। ওইদিন মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।
এদিকে শুক্রবার ২৭ মার্চ দুপুর আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য ব্যক্তিরা আলোচনা সভায় বক্তব্য দেবেন।