ইরান–ইসরায়েল–আমেরিকাকে যুদ্ধ বন্ধের আহ্বান জামায়াত আমিরের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ইরান, ইসরায়েল ও আমেরিকার প্রতি অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক বার্তায় তিনি বলেন, এখনই যুদ্ধ থামিয়ে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করার সময় এসেছে। একই সঙ্গে তিনি বিশ্ববাসীর কষ্ট লাঘবে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, ইরানে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ইতোমধ্যেই বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘাত কেবল সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এর প্রভাবে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, যার বাইরে নেই বাংলাদেশও।
জ্বালানি সংকটের কারণে দেশের জনজীবনে ইতোমধ্যেই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ঈদ ও রোজার ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে অফিস, আদালত ও কলকারখানাসহ সব কার্যক্রম পুরোপুরি শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ইতোমধ্যে মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে, যা চরম ভোগান্তির সৃষ্টি করছে।
এ সংকট শুধু পরিবহন ও বিদ্যুৎ সরবরাহেই সীমাবদ্ধ থাকবে না, বরং শিল্পকারখানা, কৃষি ও উৎপাদন খাতেও প্রভাব ফেলবে। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন সেবাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি সতর্ক করেন।
সবশেষে শফিকুর রহমান যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসতে হবে। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধের আগুন বিশ্বের কোটি কোটি মানুষের কষ্ট বাড়িয়ে তুলছে, তাই বিশ্ববাসীকে আর কষ্ট না দেওয়ার আহ্বান জানান তিনি।