হাসিনা আমলের হেলমেট বাহিনীই এখনকার গুপ্ত বাহিনী: ভূমিমন্ত্রী মিনু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম
বিগত সরকারের সময়ের ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’ হিসেবে সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন ভূমিমন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। তার দাবি, এই বাহিনীই বর্তমানে দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
শুক্রবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, আগের শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো সেই হেলমেট বাহিনী সরকার পতনের পর নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা বেশি কঠিন। বিএনপি সবসময় দেশের স্বার্থকে সবার আগে গুরুত্ব দেয় এবং কোনো আধিপত্যবাদ নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কেই বিশ্বাস করে। দেশের সাধারণ মানুষই দলের মূল শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে মিনু বলেন, বিএনপি কোনো মন্ত্রী, সংসদ সদস্য বা মেয়রের দল নয়; এটি কর্মীদের দল। কর্মীরাই দলের প্রাণশক্তি এবং তাদের ঐক্যই দলকে শক্তিশালী করে।
ভূমি মন্ত্রণালয়ের খাসজমি প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয়ের অধীনে থাকা জমি চাইলে দখল করা সম্ভব হলেও বিএনপি দখলবাজিতে বিশ্বাস করে না। বৈধ উপায়ে জমি কিনে দলের স্থায়ী কার্যালয় নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবুসাঈদ চাঁদ। এছাড়া জেলা বিএনপির নেতারাও সভায় বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশ একটি সংকটময় সময় পার করছে। এই সময়ে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা রক্ষা করাই হবে তাদের প্রধান লক্ষ্য।