নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ পিএম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির দায় থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সম্পূর্ণভাবে মুক্ত নন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খাঁন।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দুর্নীতির প্রমাণ চেয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িত নাও থাকতে পারেন বলে ধরে নেওয়া হলেও, দায়িত্বে থাকাকালীন তার আশপাশের অনেকেই দুর্নীতি ও তদবির বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি উল্লেখ করেন, নাহিদ ইসলামের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের কর্মকাণ্ড নিয়েও গণমাধ্যমে নানা অভিযোগ এসেছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজস্ব লোক বসানো এবং নিজের মন্ত্রণালয়ের বাইরেও অন্য মন্ত্রণালয়ে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রাশেদ খাঁন বলেন, নাহিদ ইসলাম নিজেই স্বীকার করেছিলেন যে তিনি কয়েকজন উপদেষ্টার ওপর আস্থা রেখে প্রতারিত হয়েছেন। বর্তমানে সেই উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। নিয়োগকর্তা হিসেবে এসব দায় তিনি এড়াতে পারেন কি না—এ প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে আরও বলা হয়, নাহিদ ইসলাম নিজেই দাবি করেছিলেন যে কিছু ধনী ব্যক্তি তার দলকে আর্থিক সহায়তা দিয়েছেন। এসব ব্যক্তির পরিচয় ও সেই সহায়তার উৎস নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। একই সঙ্গে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগের যৌক্তিকতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, উপদেষ্টা পদে থাকাকালীন নাহিদ ইসলাম রাজনৈতিক দল গঠন করেছেন, যা একটি বড় ধরনের নৈতিক অপরাধ। তিনি দায়িত্বে থাকাকালে তথ্য মন্ত্রণালয়ে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলেও দাবি করেন।

তিনি বলেন, নাহিদ ইসলাম বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে সরকারে যোগ দিলেও সেসব বাস্তবায়ন না করেই পদত্যাগ করেছেন। তাই তিনি দুর্নীতিতে সরাসরি জড়িত না থাকলেও নৈতিক দায় এড়াতে পারেন না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970