ছাত্রদলের কমিটিতে বিবাহিত অছাত্র ও ছাত্রলীগ, কয়েক জেলায় সংঘর্ষ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:১০ পিএম

ছবি: সংগৃহীত

সদ্য ঘোষিত জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা, অছাত্র এবং বিবাহিতদের স্থান দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে দেশের একাধিক জেলায় বিক্ষোভ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত সোমবার রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

গত শনিবার মধ্যরাতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে একযোগে ৪৫টি কমিটি ঘোষণা করে ছাত্রদল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগর পর্যায়ে এসব কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটিগুলো প্রকাশ করা হয়।

কমিটি ঘোষণার পর থেকেই তৃণমূল পর্যায়ে ক্ষোভ দেখা দেয়। পদবঞ্চিত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের কমিটি নিয়েও তীব্র অসন্তোষ দেখা দেয়। রোববার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা।

তাদের অভিযোগ, কমিটিতে অছাত্র, ব্যবসায়ী এবং নতুন যুক্ত হওয়া ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে পদ বণ্টনের অভিযোগও তুলেছেন তারা।

রাঙামাটিতে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নবগঠিত ও পদবঞ্চিত পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরিস্থিতির অবনতি ঠেকাতে রাঙামাটি শহরের পৌরসভা, কাঁঠালতলী, বনরূপা ও আশপাশ এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

অন্যদিকে নোয়াখালীতে সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কমিটির ১৮ জন বিবাহিত এবং যোগ্যতা ছাড়াই পদ দেওয়া হয়েছে। পরে তারা কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ২২ সদস্যের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ৮ জন নেতাকে স্থান দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সংগঠনের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে।

কক্সবাজার ও বরিশালেও একই ধরনের অভিযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগে এসব এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970