বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মারা গেছেন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:১৬ পিএম
চট্টগ্রামের প্রবীণ আলেম এবং ১১ দলীয় জোটভুক্ত ইসলামী দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির মাওলানা সরওয়ার কামাল আজীজি (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, সাত কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার দুপুর দুইটায় লোহাগাড়ার পদুয়া ঠাকুরদিঘি হেমায়েতুল ইসলাম মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মাওলানা সরওয়ার কামাল আজীজি ১৯৪৭ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ হাকিমবক্স চৌধুরী পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।
স্থানীয় কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে তিনি পটিয়ার আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন এবং সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায়ও ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনে তিনি জমিয়তে তোলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি পদুয়া আল জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসাসহ একাধিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সালে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর দলটির কেন্দ্রীয় আমির নির্বাচিত হন।
এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির, শাহ ওয়ালীউল্লাহ একাডেমি চট্টগ্রামের পরিচালক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে চট্টগ্রামের আলেম-ওলামা ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।