ছাত্ররাজনীতি বন্ধে ইডেন কলেজে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়েছে: নাছির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:০৯ পিএম
ইডেন মহিলা কলেজে ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তার দাবি, একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্ররাজনীতি বন্ধের পরিবেশ তৈরি করছে।
শনিবার রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ছাত্ররাজনীতিকে বাধাগ্রস্ত করছে।
তিনি অভিযোগ করেন, অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের জন্য গুপ্ত সংগঠন শিবির তাদের গোপন কর্মীদের ব্যবহার করে মব সৃষ্টি করেছিল। পরবর্তীতে এসব ঘটনার নেতৃত্বদানকারীদের অনেকেই সংগঠনটির শীর্ষ নেতা হিসেবে পরিচিত হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিতুমীর কলেজের একটি ঘটনার উদাহরণ টেনে নাছির উদ্দীন বলেন, কয়েকদিন আগে রাতে কলেজের গেট ভেঙে মব সৃষ্টি করা হয় এবং ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়। তার দাবি, ওই ঘটনায় জড়িত এক ব্যক্তি পরে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচিত হন।
ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একই কৌশলে ছাত্রীসংস্থার গোপন কর্মীদের ইন্ধনে কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রী ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। এমনকি ছাত্রীদের হল থেকেও বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এসব মব সন্ত্রাস ও ছাত্রদলের নেত্রীদের হয়রানি বন্ধ করা না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নাছির উদ্দীন বলেন, সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো ধরনের কূটচাল বা ধোঁকাবাজির কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তিনি।