চিকিৎসায় উন্নতি, আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:৫৯ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন আছেন। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে।
সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস কিছু সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন।
তিনি আরও জানান, পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগে মির্জা আব্বাসকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আগ্রহী। তবে তার দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।