বাউল ইস্যুতে মির্জা ফখরুল ও ফরহাদ মজহারকে ক্ষমা চাইতে বলল হেফাজত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

বাউলদের পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (২৮ নভেম্বর) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান। তারা সতর্ক করে বলেন, বাউল ইস্যুতে সরকার অবস্থান পরিবর্তন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে হেফাজতের ঢাকা মহানগর আমির জুনায়েদ আল হাবীব বলেন, বাউল ইস্যুতে মন্তব্য করে মির্জা ফখরুল ও ফরহাদ মজহার ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছেন। তিনি দুইজনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং ফরহাদ মজহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও করেন। বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে তিনি বলেন—“তওবা করুন, নইলে দল থেকে পদত্যাগ করুন।”

তিনি আরও দাবি করেন, বাউলদের বিরুদ্ধে আন্দোলনকারীদের যেসব মামলায় জড়ানো হয়েছে, তা প্রত্যাহার করতে হবে এবং অভিযুক্ত বাউলদের গ্রেফতারের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের প্রতিটি মসজিদ থেকে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন।

সমাবেশে হেফাজতের নায়েবে আমির আহমদ আলী কাসেমী বলেন, বাউল আবুল সরকারের পক্ষে যারা বিবৃতি দিয়েছেন তারা রাজনৈতিক সুবিধা নিতে চান। তিনি বলেন, এ ধরনের অবস্থান অতীতে কোনো সরকারকে টিকিয়ে রাখতে পারেনি।

কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ বলেন, ‘আন্দোলনকারীদের ধর্মান্ধগোষ্ঠী’ বলা হলে তা মুসলিম সমাজকে অপমান করার শামিল। তিনি দাবি করেন, বাঙালি জাতিসত্তার আগে মুসলিম পরিচয়কে অস্বীকার করে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতের উপদেষ্টা মাওলানা আবদুর রব ইউসুফী, নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, কেন্দ্রীয় নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদী ও মুফতি ফখরুল ইসলামসহ অন্যরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970