আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে বায়তুল মোকাররম, নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:১২ এএম
দেড় যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ইসলামিক ফাউন্ডেশন একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) চূড়ান্ত করেছে, যার ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি টাকা। প্রকল্পের মাধ্যমে মসজিদ আন্তর্জাতিক মান অনুযায়ী উন্নীত হবে এবং মুসল্লিদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা হবে।
প্রকল্পের আওতায় তিনতলা পর্যন্ত আধুনিক চলন্ত সিঁড়ি, পূর্ব ও উত্তর দিকে ৮০ ফুট উচ্চতার ফটক এবং উভয় পাশে ১৬৪ ফুট উঁচু মিনার নির্মাণ করা হবে। এছাড়া তিনতলা আধুনিক মিলনায়তন, নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ও দক্ষিণ দিকে আলাদা সিঁড়ি বসানো হবে। মসজিদের অজুখানা, টয়লেট, হাঁটাপথ, অফিস ভবন, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা, লিফট, ভিআরএফ, গাড়ি পার্কিংসহ অন্যান্য উন্নয়নমূলক কাজও করা হবে।
প্রকল্পের প্রাথমিক খরচ ছিল ১৩৪ কোটি ৫৭ লাখ টাকা, তবে চূড়ান্তভাবে বেড়ে হয়েছে ১৯৯ কোটি টাকা। এর মধ্যে ১২৫ কোটি টাকা খরচ হবে ভবন, মিনার ও ফটক নির্মাণে, ৩১ কোটি টাকা বিদ্যুৎ সংযোগে এবং ৭ কোটি টাকা অগ্নিনির্বাপন ব্যবস্থায়। ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা বিভাগ জানিয়েছে, মসজিদকে আধুনিকভাবে সাজানো হবে, তিনতলা পর্যন্ত চলন্ত সিঁড়ি এবং আলাদা টয়লেট নির্মাণ করা হবে।
১৯৫৯ সালে আবদুল লতিফ ইবরাহিম বাওয়ানি ও ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়। বিশিষ্ট স্থপতি আবদুল হুসেন থারিয়ানি পবিত্র কাবার আদলে মসজিদ কমপ্লেক্সের নকশা প্রণয়ন করেন। ১৯৬২ সালের ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটি কার্যক্রম শুরু করে। বর্তমানে মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এতে পাঠাগার, অডিটোরিয়াম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়।