সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ বাংলাদেশি হজযাত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৪৫ পিএম
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা মোট ১৫৪টি ফ্লাইটে দেশটিতে যান।
রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (১৬ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এ তথ্য দিয়েছে এয়ারলাইনস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সংশ্লিষ্ট সূত্র।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ২০ হাজার ৮০ জন। অন্যদিকে ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে আরও আট হাজার ৮৫৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদিতে গেছেন।
সৌদি পৌঁছানো মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৫ হাজার ৩৩৯ জন।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং চারজন নারী। এর মধ্যে মক্কায় ১২ জন ও মদিনায় চারজন ইন্তেকাল করেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যায়। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।