বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পিএম
পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে কুয়াকাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল হালিমকে।
সোমবার (২২ ডিসেম্বর) কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশেষ রোকন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে বিশেষ রোকন বৈঠক ডাকা হয়। বৈঠকে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম, পৌর জামায়াতের সাবেক আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আলোচনায় উত্থাপিত অভিযোগ ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা শেষে মো. আব্দুল হালিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
জামায়াত নেতারা জানান, সংগঠনের নীতিমালা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দল কঠোর অবস্থান গ্রহণ করবে বলেও জানান তারা।
কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, অভিযোগের ভিত্তিতে বিশেষ রোকন বৈঠকের মাধ্যমে কুয়াকাটা পৌর ৫ নম্বর ওয়ার্ড সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতে ইসলামী করতে হলে অবশ্যই দলীয় নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে।
অন্যদিকে, বহিষ্কৃত নেতা মো. আব্দুল হালিম অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাড়িতে ছয়টি পরিবার ভাড়া থাকে। এর মধ্যে একটি পরিবার মা-মেয়ে পরিচয়ে চারজন নারী দুই মাস আগে বাসা ভাড়া নেয়। তারা কী কাজ করে, তা তার জানার কথা নয় বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, কোনো ধরনের শুনানি ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে তিনি শিগগিরই সংবাদ সম্মেলন করবেন বলেও জানান।