বিএনপিতে যোগদানের পরদিনই ডিবির হাতে আটক সাবেক ছাত্রলীগ নেতা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পিএম
বিএনপিতে যোগদানের একদিন পরই কুমিল্লায় সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহীন মিয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কুমিল্লা জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
আটক শাহীন মিয়া দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, মামলা ও পুলিশের হয়রানি থেকে রেহাই পেতে রোববার সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন শাহীন মিয়া। এ সময় বিএনপি নেতারা ফুলের মালা পরিয়ে তাকে দলে স্বাগত জানান। যোগদানের পর দেবিদ্বার পৌর এলাকায় বিএনপি ও ধানের শীষের মিছিলেও অংশ নিতে দেখা যায় তাকে।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ওসি শামসুল আলম জানান, মো. শাহীন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। তবে আটক হওয়ার কারণ ও অভিযোগের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।