আমির হামজার বিরুদ্ধে এবার ৫০ কোটি টাকার মানহানি মামলা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও খড়কির বাসিন্দা মেহেদী হাসান জিল্লু।
মামলাটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এম এ গফুর।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তৃতা দেওয়ার সময় আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর মন্তব্য করেন। মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য কেবল কোকোর ব্যক্তিগত মর্যাদাই নয়, পুরো জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন করেছে বলে অভিযোগে বলা হয়।
বাদীপক্ষের দাবি, এ ধরনের কটূক্তিমূলক বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও সম্মানে আঘাত করেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করে আইনি প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নেওয়া হয়েছে।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী এম এ গফুর বলেন, স্বাধীনতাবিরোধী একটি চক্র পরিকল্পিতভাবে জিয়া পরিবারকে হেয় করার চেষ্টা করেছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতেই এই মামলা করা হয়েছে। আদালত পিবিআইকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।