ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
ঠাকুরগাঁওয়ে রোববার (২৫ জানুয়ারি) সকালে মৃদু ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। উত্তরাঞ্চলের এই জেলায় ভূমিকম্পটি ঘটেছে জেলাশহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে, যার মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পটি সকাল ৮টা ৩৪ মিনিটে সংঘটিত হয়।
ভলকানো ডিসকভারি ওয়েবসাইট জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনও নির্ধারণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। তবে অধিকাংশ মানুষ কম্পন অনুভব করতে পারেননি।
ফেসবুকে ঠাকুরগাঁওয়ের অনেক বাসিন্দা জানিয়েছেন, তারা ঝাঁকুনি অনুভব করেছেন। কেউ কেউ জানিয়েছেন, কম্পন কিছুটা শক্তিশালী ছিল।
এর আগে, গত ৫ জানুয়ারি সিলেটসহ আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ড ধরে কম্পন লক্ষ্য করা গিয়েছিল। সিলেটের নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় কম্পন অনুভূত হয়েছিল।