৯ দিন পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: আমির হামজা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের চরিত্র হননের ষড়যন্ত্র করা হয়েছে। তিনি দাবি করেন, আর মাত্র ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া সদর আসনে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত নারীদের উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

আমির হামজা বলেন, অতীতেও দেখা গেছে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, আল্লাহ তাদেরই ক্ষমতায় বসিয়েছেন। উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনের অ্যাকাউন্টও নির্বাচনের আগে হ্যাক হয়েছিল, এরপর তারাই ক্ষমতায় এসেছেন। তিনি আশা প্রকাশ করেন, একইভাবে বাংলাদেশেও জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসবে।

তিনি বলেন, ডা. শফিকুর রহমান একজন মানবিক মানুষ, যার কাছে দল-মত, বর্ণ কিংবা ধর্মের কোনো ভেদাভেদ নেই। এমন একজন মানুষ রাষ্ট্রক্ষমতায় এলে সবাই শান্তিতে বসবাস করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।

নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে আমির হামজা বলেন, নারীরা যেন ঘরে বসে সম্মানজনকভাবে আয় করতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে। হস্তশিল্পসহ বিভিন্ন কাজ শেখানোর মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে একটি শান্ত, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আগামী কয়েকদিন কষ্ট স্বীকার করে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে ভবিষ্যতে শান্তির বাংলাদেশ দেখা সম্ভব হবে।

সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে আমির হামজা বলেন, কুষ্টিয়া জেলায় সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে জামায়াতে ইসলামী কঠোর অবস্থানে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ এমন একটি সমাজ চায় যেখানে নিরাপত্তার ভয়ে দরজা বন্ধ করে ঘুমাতে হবে না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970