শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন নুরুজ্জামান বাদল। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেরপুর জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ময়মনসিংহে স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবরে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেন।
জামায়াতের শেরপুর-১ সদর আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম জানান, বুধবার বেলা ২টায় শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কে নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে শ্রীবরদী পৌর শহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাজায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও সাংগঠনিক সম্পাদক সামিউল হক ফারুকীর উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনে নুরুজ্জামান বাদলসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী এ আসনের নির্বাচনি কার্যক্রম বাতিল হয়ে যাবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণা করতে হয়। রিটার্নিং অফিসার এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করবেন এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
তবে যেসব প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না এবং জামানতের অর্থও পুনরায় দিতে হবে না। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।