আ.লীগ নেতাদের জামায়াত সাজিয়ে বিএনপিতে যোগদান করানোর অভিযোগ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে জামায়াতের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন- এমন সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে প্রতিবাদলিপি প্রকাশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ধাইনগর ইউনিয়ন জামায়াতের আমীর মুজতাহিদুল ইসলাম বলেন, ওইদিন ধাইনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে শাহজাহান মিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত এক জনসভায় জামায়াতের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান দেখানো হয়। তবে যাদেরকে যোগদানকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে, তারা কেউই জামায়াতে ইসলামীর সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। এমনকি তারা জামায়াতের সহযোগী সদস্যও নন বলে তিনি জোর দাবি করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রায় ৩০ জনের যোগদানের কথা বলা হলেও প্রকাশিত ছবি ও তথ্য বিশ্লেষণে সেখানে মাত্র ছয়জনকে দেখা যায়।
মুজতাহিদুল ইসলাম অভিযোগ করেন, গত ১ ফেব্রুয়ারি জননেতা ড. কেরামত আলীর উপস্থিতিতে বিএনপির ৮১ জন নেতাকর্মী জামায়াতে যোগদানের ঘটনাকে আড়াল ও ‘কাউন্টার’ দিতেই স্থানীয় বিএনপি পরিকল্পিতভাবে এ ধরনের নাটক মঞ্চস্থ করেছে।
তিনি জানান, যাদেরকে ওই অনুষ্ঠানে যোগদানকারী হিসেবে দেখানো হয়েছে, তাদের মধ্যে একাধিক ব্যক্তি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং পদধারী নেতাও ছিলেন। তাদেরকে জামায়াত পরিচয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে সেটি প্রচার করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
জামায়াতকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এই নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেন ইউনিয়ন জামায়াতের আমীর। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতার কারণে জামায়াতের কোনো নেতাকর্মীর অন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।
এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার জন্য। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার দাবি জানান তিনি।