তারেক রহমানের ওপর অভিমান করে পদত্যাগ করলেন বিএনপির শতাধিক নেতাকর্মী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ পিএম
হাইকমান্ডের সিদ্ধান্ত ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর অভিমান করে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী শহরের পশ্চিম টেংরি এলাকার সূর্য প্রামাণিকের খোলায় সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগকারীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর অনুসারী বলে জানা গেছে।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের পৌর ও উপজেলা শাখা’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল পারভেজ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, অতীতে ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টুর নেতৃত্বেই তারা রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। অথচ ত্যাগী এই নেতাকে দলীয় মনোনয়ন না দিয়ে হাইকমান্ড তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগ থেকে আসা নেতা এবং ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে এখন তাদের ওপর জুলুম, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, যে দলের জন্য তারা রাজপথে থেকেছেন, সেই দল থেকেই আজ নির্মম আচরণের শিকার হচ্ছেন তারা। এতে ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে তারেক রহমানের ওপর অভিমান করে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে একইসঙ্গে পদত্যাগকারীরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমানের ওপর তাদের আস্থা এখনো রয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে দলের কর্মসূচিতে আবারও সক্রিয়ভাবে অংশ নেওয়ার কথাও জানান তারা।
উল্লেখ্য, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন না করে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে অবস্থান নেওয়ায় চলতি সপ্তাহে উপজেলা যুবদলের ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।