হাতিয়ার আলোচিত ‘ধর্ষণকাণ্ডের’ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
নোয়াখালীর হাতিয়ায় আলোচিত ধর্ষণ অভিযোগের ঘটনায় পাঁচদিন পর ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগী নারী (৪০) বাদী হয়ে নোয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এ মামলাটি করেন। আদালত আইনগত ব্যবস্থা নিতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় চানন্দী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি রাত ১১টার পর ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আসামিরা অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের নিয়ে ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, তারা বাদীর ঘরে ঢুকে তাকে ও তার স্বামীকে মারধর করে। পরে স্বামীকে একটি কক্ষে আটকে রেখে প্রধান আসামি তাকে ধর্ষণ করেন। ঘটনাটি প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরদিন ভোরে একই ব্যক্তিরা আবার হামলা চালিয়ে দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এ সময় আরেক নারী কর্মীর ঘর দেখিয়ে দিতে চাপ প্রয়োগ এবং ভাঙচুরের কথাও বলা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি বিকেলে ভুক্তভোগীকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, চিকিৎসার জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শারীরিক পরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ডিএনএ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ভুক্তভোগী ও তার পরিবারকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে।