কুয়াকাটায় দোকান ভাঙচুর: স্বেচ্ছাসেবক দলের সদস্য বহিষ্কার, পরে গ্রেফতার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম
কুয়াকাটা পর্যটনকেন্দ্রে আচারের দোকানে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মাকসুদকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জিরো পয়েন্ট এলাকায় ‘তানিসা আচার ঘর’ নামের দোকানে হামলা চালানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক মনির হোসেন হাওলাদার তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় প্রধান অভিযুক্ত মো. মাকসুদকে গ্রেফতার করা হয়।
এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দল তাকে দল থেকে বহিষ্কার করে।
মহিপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাকসুদকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।