ইউএনওর সামনেই নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চলমান একটি নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

নিয়োগ কমিটি সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে—আয়া ও পরিচ্ছন্নতাকর্মী- নিয়োগের জন্য শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট আটজন পরীক্ষার্থী অংশ নেন।

লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর নিয়োগ বোর্ড মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন দলবল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রবেশ করেন। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তিনি ও তার সহযোগীরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে টেবিল থেকে পরীক্ষার নথিপত্র, লিখিত পরীক্ষার খাতা ও মৌখিক পরীক্ষার কাগজপত্র নিয়ে চলে যান বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে জামাল উদ্দীনকে বলতে শোনা যায়, তিনি বিষয়টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনা করেছেন এবং নিয়োগে বাণিজ্যের অভিযোগ তুলেছেন।

ভিডিওতে তিনি আরও বলেন, “ফ্যাসিস্টদের নিয়োগ দেওয়া হবে—এটা মানা হবে না। আপনারা নিয়োগ দেবেন আর আমরা চুপ করে থাকব—এটা হতে পারে না।”

মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ জানান, তারা নিয়ম মেনে নিয়োগ পরীক্ষা নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ জামাল উদ্দীন ও তার লোকজন এসে তাদের সামনে থেকেই পরীক্ষার সব কাগজপত্র নিয়ে যান। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে জামাল উদ্দীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, নিয়োগ বোর্ড তার কক্ষে বসে কাজ করছিল। এ সময় কিছু লোক এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরীক্ষার নথিপত্র নিয়ে যায়। এ ঘটনায় নিয়োগ কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970