প্রত্যাশিত চাঁদা না পেয়ে হাতুড়িপেটা, আবারও আটক উপজেলা ছাত্রদলের সেই আহ্বায়ক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ পিএম
প্রত্যাশিত চাঁদা না পেয়ে এক শ্রমিককে হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা এলাকায় তাঁর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনির সরদারের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম উজিরপুর থানায় মনির সরদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, উজিরপুরের শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি বালু ভরাটের ব্যবসা পরিচালনা করেন। এ সময় ছাত্রদল নেতা মনির সরদার তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, দাবি করা টাকার মধ্যে প্রথমে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় এবং পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও দশ হাজার টাকা দেওয়া হয়। এরপরও বাকি টাকার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মনিরুল ইসলামের অভিযোগ অনুযায়ী, বাকি টাকার দাবিতে গত শুক্রবার মনির সরদারের নেতৃত্বে তাঁর সহযোগীরা ড্রেজার শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগে মনির সরদার ও তাঁর সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে চাঁদাবাজির অভিযোগে গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মনির সরদারকে সেনাবাহিনী আটক করেছিল। পরে কয়েক দিন কারাভোগের পর তিনি মুক্তি পান।