আগামী পাঁচ বছর চাঁদাবাজি-দখলবাজি সবকিছু বন্ধ: মুক্তিযুদ্ধমন্ত্রী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সখীপুর ও বাসাইল এলাকায় আগামী পাঁচ বছরে নির্মাণ, উন্নয়ন কিংবা রাস্তাঘাটের কাজে কোনো ধরনের চাঁদাবাজি বা দখলবাজি থাকবে না।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির ঊর্ধ্বে উঠে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী ঠিকাদারদের উদ্দেশে বলেন, বিদ্যালয়ের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। কোনো ধরনের নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা যাবে না। কাজের গুণগত মান নিয়ে কোনো আপস করা হবে না।
তিনি আরও বলেন, তিনি প্রতি মাসে কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। যদি কোনো অনিয়ম বা নিম্নমানের কাজ পাওয়া যায়, তাহলে কাজ বন্ধ করে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে।
এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, এই প্রকল্পে কোনো ধরনের চাঁদা দাবি করতে দেওয়া হবে না। তিনি প্রকাশ্যে সবাইকে সতর্ক করে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিকদার মো. সবুর রেজা, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর শিরিন আক্তার এবং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেনসহ অনেকে।