বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হলেন পুকুর দখলে অভিযুক্ত বিলকিস জাহান!

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ১৪ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনসহ নগরীর বিভিন্ন মহলে তার নিয়োগ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর শিরিনকে ঘিরে বেশ কিছু অভিযোগ সামনে আসে। এর মধ্যে নগরীর ব্রাউন কম্পাউন্ড সড়কে একটি ঐতিহ্যবাহী পুকুর ভরাট, বাড়ি দখল, ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে টানা আড়াই মাসের আন্দোলনের সময় দলীয় অর্থ তছরুপ এবং বিভিন্ন ইউনিটের কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ উল্লেখযোগ্য।

২০২৪ সালের ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়। পরে গত বছরের নভেম্বর মাসে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, শিরিনকে ঘিরে বিতর্ক নতুন নয়। ব্রাউন কম্পাউন্ড এলাকায় একটি পুরোনো পুকুর ভরাটের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। পাশাপাশি বাড়ি দখল এবং দলীয় কমিটি গঠনসংক্রান্ত অর্থ লেনদেনের অভিযোগও স্থানীয় রাজনীতিতে বারবার উঠেছে।

তবে বিএনপির স্থানীয় নেতাদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি নগর উন্নয়ন ও নাগরিক সেবায় কার্যকর ভূমিকা রাখবেন।

নাগরিকদের একাংশের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নগর প্রশাসনের সেবা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তাই নগর ব্যবস্থাপনার কার্যক্রম সচল রাখতে সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে।

তবে সমালোচকদের প্রশ্ন, নগরীর একটি ঐতিহ্যবাহী পুকুর দখলের অভিযোগ যার সঙ্গে জড়িত, তার হাতে নগর ভবনের দায়িত্ব কতটা স্বচ্ছভাবে পরিচালিত হবে। এ বিষয়ে নাগরিকরা নতুন প্রশাসকের কাছ থেকে স্পষ্ট অবস্থান প্রত্যাশা করছেন।

অন্যদিকে শিরিনের সমর্থকদের দাবি, দীর্ঘদিন বিরোধী রাজনীতি করার কারণে তিনি বিভিন্ন সময়ে হয়রানি ও মামলার মুখোমুখি হয়েছেন। তাদের মতে, রাজনৈতিক প্রতিপক্ষের চাপ থেকেই এসব অভিযোগ সামনে এসেছে।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত বিলকিস জাহান শিরিন বরিশালের ব্রজমোহন কলেজে পড়াশোনার সময় ১৯৮৫ সালে ছাত্রদলে যোগ দেন। পরে ছাত্র সংসদে ছাত্রীবিষয়ক সম্পাদক ও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে তিনি মহিলা দল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলেন। এছাড়া অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি তিনি প্রায় এক দশক বরিশাল সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি আইন পেশার সঙ্গেও যুক্ত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970