একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ফাঁস, হাতিয়ার ইউএনও ওএসডি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম
নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল্লাউদ্দিনের একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ফাঁসের ঘটনায় প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ভিডিওগুলোর সত্যতা মিলেছে। এ কারণে মো. আল্লাউদ্দিনকে ওএসডি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সোমবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে ওই কর্মকর্তার সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে হাতিয়াজুড়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা।
এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর একে একে ওই কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও সামনে আসতে শুরু করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও মো. আল্লাউদ্দিন দাবি করেছেন, তার সম্মানহানির উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিওগুলো তৈরি করা হয়েছে।