মেঘনায় ট্রলারডুবি: বাবার লাশ কাঁধে নিয়ে ২ ঘণ্টা সাঁতরে বাড়ি ফিরল দুই ছেলে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে ট্রলারডুবির ঘটনায় নুরে আলম ওরফে বেচু মাঝি (৬৫) নামে এক জেলে নিহত হয়েছেন। হৃদয়বিদারক এই ঘটনায় বাবার মরদেহ নিয়ে প্রায় দুই ঘণ্টা সাঁতার কেটে তীরে ফিরেছেন তার দুই ছেলে।

শুক্রবার বিকেলে চরপাতিলা বয়ার চর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বেচু মাঝি চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফারুকী গ্রামের বাসিন্দা। তিনি মৃত মজিবল হকের ছেলে।

নিহতের ছেলে শাহীন জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি, তার বাবা ও ভাই সাকিল মাছ ধরতে নদীতে যান। শুক্রবার বিকেলে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে তাদের ট্রলার উল্টে যায়। এ সময় তার বাবা ট্রলারের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান এবং আর উঠতে পারেননি।

তিনি আরও জানান, তার ভাই সাকিল জালের বয়া ধরে ভেসে থেকে প্রাণে বেঁচে যান। কিছুক্ষণ পর বাবার মরদেহ ভেসে উঠলে সেটি নিয়ে তারা প্রায় দুই ঘণ্টা সাঁতার কেটে চরপাতিলা নদীর তীরে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় রাতের দিকে মরদেহ বাড়িতে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, বেচু মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে। তার ৯ সন্তান রয়েছে, যার মধ্যে একজন প্রতিবন্ধী মেয়েও আছে। পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নিহত জেলে নিবন্ধিত হয়ে থাকলে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং মৎস্য বিভাগ তাদের পাশে থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970