বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম
দেশজুড়ে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে ঠাকুরগাঁও জেলাতেও। জেলার বেশিরভাগ তেল পাম্পে সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও সীমিত পরিমাণে তেল মিললেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোক্তাদের।
এমন পরিস্থিতিতে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ভিন্নধর্মী এক দৃশ্য। সেখানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন, যা উপস্থিত সবার মধ্যে হাস্যরস ও কৌতূহলের সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত এক অতিথি জানান, বর্তমান সময়ে জ্বালানি তেল অত্যন্ত প্রয়োজনীয় ও মূল্যবান পণ্যে পরিণত হয়েছে। তাই এমন উপহার বাস্তবসম্মত এবং সময়োপযোগী। আরেকজন অতিথির মতে, এটি যেমন মজার, তেমনি বর্তমান সংকটের একটি প্রতিফলনও।
অকটেন উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, পেট্রোল ও অকটেনের জন্য মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। নবদম্পতির চলাচল সহজ করতে তিনি এই ব্যতিক্রমী উপহার দিয়েছেন।
বর রাতুল হাসান সাফি বলেন, বিয়েতে এমন উপহার সত্যিই ব্যতিক্রমী। সংকটের এই সময়ে এটি কাজে লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি এবং উপহারদাতার প্রতি কৃতজ্ঞতা জানান।
জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এটি যেমন বিনোদনের খোরাক জুগিয়েছে, তেমনি বর্তমান বাস্তবতার একটি স্পষ্ট বার্তাও তুলে ধরেছে।