তেল নিতে লাগবে ডিসির সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এখন থেকে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। নতুন এই নির্দেশনা কার্যকর হওয়ার আগেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তির চিত্র দেখা গেছে।

বুধবার রাতে জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জেলা প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত সময়ের ভেতর জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। এই সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল বিক্রি করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, তেল নেওয়ার সময় চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন থাকতে হবে। পাশাপাশি হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।

এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো পাত্রে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেল ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে জেলা প্রশাসন।

নতুন এই নিয়ম চালুর খবর ছড়িয়ে পড়তেই বুধবার রাত থেকেই সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা যায়। অনেক চালক এই ফুয়েল কার্ড ব্যবস্থাকে ভোগান্তির কারণ হিসেবে দেখছেন এবং এতে নতুন করে বিপাকে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970