কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম
কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা যুবকের বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুখালী এলাকার নাফ নদীর শূন্যরেখার ভেতরে জেগে ওঠা চর নারিকেল বাগান এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
আহত যুবকের নাম মো. সাদেক (২৫)। তিনি উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের ক্যাম্প ১০-এর এফ ১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে। বিস্ফোরণের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে এবং শরীরের আরও অংশে আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসকেরা।
বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, নাফ নদীর মিয়ানমার অংশে মাছ ধরতে গিয়ে ফেরার সময় ওই যুবক স্থলমাইনের বিস্ফোরণে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের রাখাইন রাজ্য। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে কিছু জায়গায় স্থলমাইন পুঁতে রেখেছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ওই যুবক মাছ ধরে ফেরার সময় শূন্যরেখার নারিকেল বাগান এলাকায় পৌঁছালে বিস্ফোরণ ঘটে।
বালুখালী আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা জাফর আলম বলেন, খাদ্যসহায়তা কমে যাওয়ায় অনেক রোহিঙ্গা জীবিকার জন্য নাফ নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যান। এ সময় সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তারা বারবার আহত হচ্ছেন।
এর আগে চলতি বছরের ২৯ মার্চ একই সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন হয় এবং আরও কয়েকটি ঘটনায় একাধিক রোহিঙ্গা আহত হন।