চট্টগ্রামে ওয়াসার প্রকল্পে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত আরও দুইজন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:০১ এএম
চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদ এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের খননকাজ চলাকালে মাটি ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে আগ্রাবাদের বি-ফোর এক্সেস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
নিহত শ্রমিকদের মধ্যে একজনের নাম রাকিব এবং অপরজন তুষার। তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। অন্যজনের পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি। আহত দুই শ্রমিক হলেন সাগর ও এরশাদ। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন জানান, আগ্রাবাদ এলাকায় ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চারজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, স্যুয়ারেজ প্রকল্পের ট্রায়াল পিটের কাজ চলছিল। কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। প্রকল্পটি একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে রিপোর্ট চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম বলেন, চারজন শ্রমিককে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।