সাতক্ষীরায় মন্ত্রীর সীল-স্বাক্ষর জালিয়াতি করে জমি লিজের চেষ্টা, অতঃপর...
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম
সাতক্ষীরায় পানিসম্পদ মন্ত্রীর ভুয়া সীল ও স্বাক্ষর জাল করে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ কার্যালয় থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মো. মোস্তাফিজুর রহমান (৩৫) এবং দেবহাটা উপজেলার কামটা গ্রামের নওয়াব আলীর ছেলে আব্দুর রহিম (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা একটি প্রতারক চক্রের সদস্য। চক্রটি পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর ভুয়া সীল তৈরি করে এবং তার স্বাক্ষর জাল করে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ নেওয়ার আবেদন করে।
বিষয়টি সন্দেহ হলে পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরের সত্যতা যাচাই করেন। পরে নিশ্চিত হওয়া যায়, স্বাক্ষরটি মন্ত্রীর নয়।
পরবর্তীতে বুধবার বিকেলে অভিযুক্তরা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাদের আবেদনের বিষয়ে ব্যবস্থা নিতে চাপ সৃষ্টি ও প্রভাব খাটানোর চেষ্টা করে। এ সময় নির্বাহী প্রকৌশলী বিষয়টি পুলিশকে জানালে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাসুদুর রহমান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, তারা সরকারি গুরুত্বপূর্ণ পদের অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় প্রতারণা ও জালিয়াতির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।