৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৮ এএম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনা মিয়া ওরফে ইসমাইল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেনের নেতৃত্বে এসআই সৈকত মজুমদার, এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ একটি দল ধান্যদৌল গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। পরে তার ঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন—এটা আগে জানা ছিল না। মাদক ব্যবসায়ীদের দলে কোনো জায়গা নেই বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।