জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, কলেজছাত্র আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ এএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে মো. শাকিল আহমেদ (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
অভিযোগে জানা যায়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট দেন।
বুধবার বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল আহমেদ ওই এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার তিনি ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে একটি পোস্ট দেন। পরে সেই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয় এবং এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিষয়টি পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার থেকে তাকে আটক করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পোস্টটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে অভিযুক্তের ফেসবুক প্রোফাইল যাচাই করে বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।