যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির বাড়িতে শোকের মাতম, মরদেহ ফেরতের দাবি পরিবারের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দুপুর এলাকায় তার বাড়িতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের ভিড় দেখা যায়।

নিহত বৃষ্টি জহির উদ্দিন আকন ও আলভী বেগম দম্পতির মেয়ে। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। এর আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১২ আগস্ট উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান বৃষ্টি। সর্বশেষ ১৬ এপ্রিল পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে তার এবং এক সহপাঠীর মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এখনো বৃষ্টির মরদেহ উদ্ধার হয়নি বলে দাবি করেছে পরিবার।

স্বজনদের অভিযোগ, কীভাবে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা তারা জানেন না। দ্রুত মরদেহ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বৃষ্টির চাচাতো বোন তুলি আকন বলেন, তার সহপাঠীর মরদেহ পাওয়া গেলেও বৃষ্টির মরদেহ এখনো পাওয়া যায়নি। একই দাবির কথা জানান আরেক স্বজন ফজিলা আক্তার এবং চাচা দানিয়াল আকন।

বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন বলেন, তিনি নিশ্চিত হয়েছেন তার মেয়ে আর বেঁচে নেই। তিনি দ্রুত মরদেহ উদ্ধার করে দেশে আনার জোর দাবি জানান।

এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, বিষয়টি দূতাবাসের মাধ্যমে সমন্বয় করা হবে এবং পরিবার চাইলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970