হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ওছখালী জিরো পয়েন্ট এলাকায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীমের অনুসারী এবং হাতিয়ার সাবেক এমপি ফজলুল আজিমের অনুসারীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

আজিম অনুসারী বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার হোসেন বলেন, সন্ধ্যায় ওছখালী বাজারে মনোনীত প্রার্থীর পরিবর্তনের দাবিতে তারা মশাল মিছিলের আয়োজন করেন। তমরুদ্দি থেকে মিছিলে যোগ দিতে কর্মীরা আসার পথে শামীম গ্রুপ তাদের ওপর ইটপাটকেল ছোড়ে বলে দাবি করেন তিনি। এতে তাদের ১৫ জন আহত হন।

পরে আজিম গ্রুপ একত্রিত হয়ে শামীম গ্রুপের ওপর পাল্টা হামলা চালায় বলে জানান তিনি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে দাবি করেন আজিম অনুসারীরা।

অন্যদিকে, শামীম অনুসারী হাতিয়া পৌর যুবদলের সদস্য সচিব কাউসার মোস্তফা অভিযোগ করেন, ধানের শীষের সমর্থনে মিছিল বের হওয়ার সময় আজিম গ্রুপ তাদের ওপর হামলা চালায়। তাদের ১০–১২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, পরে শামীম অনুসারী এক নেতার বাড়িতে হামলা ও ছররা গুলি ছোড়ার অভিযোগও রয়েছে। পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

তবে হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, “বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়েছে- এমন তথ্য আমাদের কাছে নেই।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970