জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ড. ফয়জুল হক।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. ফয়জুল হকের প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ড. ফয়জুল হক ওলিয়ে কামেল হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) এর নাতি। তিনি ১৯৮৭ সালের ১ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ ও এমএ সম্পন্ন করেন। পরে ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া থেকে পিএইচডি এবং ২০২৩ সালে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ অর্জন করেন।
তিনি বিশিষ্ট আলেম মাওলানা মুজ্জাম্মিলুল হক রাজাপুরী হুজুরের সর্বকনিষ্ঠ সন্তান। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। তার বড় ভাই অধ্যক্ষ মুহাম্মদ ছাইফুল হক, মেজো ভাই ড. মুহাম্মদ শহীদুল হক (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক) এবং সেজো ভাই ড. মুহাম্মদ আমিনুল হক (আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম)।
ড. ফয়জুল হক গত ১৬ বছর ধরে অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। অনলাইনে টকশো, লাইভ ও লেখালেখির মাধ্যমে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছেন। প্রবাসে থেকেও তিনি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ড. ফয়জুল হক জানান, “দাড়িপাল্লার মনোনয়ন পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা ও জামায়াত ইসলামীর নেতৃত্বে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। এই দেশে দেশপ্রেমিক নেতৃত্বের অধীনে সরকার গঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।”
তিনি আরও বলেন, ঝালকাঠি-১ আসনের জনগণ সত্য ও দেশপ্রেমিক জনতার পক্ষে ভোট দেবেন। তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের চরমোনাই পীরসহ সকল আলেম-ওলামা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, কৃষক ও শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. ফয়জুল হক আশাবাদ ব্যক্ত করে বলেন, “সবাই মিলে এমন বিপ্লব ঘটাবে যা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।”