গভীর রাতে বিআরটিসি ডিপোতে আগুন, দুই বাস পুড়ে ছাই

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ এএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে বিআরটিসি ডিপোর ভেতরে ঢুকে দুর্বৃত্তরা তিনটি দোতলা যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দিয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ নাশকতার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টা ৩০ মিনিটের দিকে বাসগুলোতে আগুন ছড়িয়ে পড়তে দেখেই তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ১০–১৫ মিনিটের মধ্যেই মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর ফলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের দুইটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়, আরেকটি বাস আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, “ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিস ও পুলিশ এসে কাজ শুরু করে। পুরো ঘটনাই পরিকল্পিত নাশকতা। আজই আমার বদলি হওয়ার কথা ছিল। ধারণা করছি বদলি ঠেকাতেই এ ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি অত্যন্ত প্রফেশনালভাবে করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার সহকর্মীরা খুব ভালো—আজ আমাকে বিদায় সংবর্ধনাও দেওয়ার কথা ছিল। রাজনৈতিক অস্থিরতার সময়েও কোনো সমস্যা হয়নি। তাই এটি স্থানীয় সাধারণ মানুষের কাজ নয়; পরিকল্পিত নাশকতা।”

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে দুটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার কারণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970