২৪৩ স্কুলে পরীক্ষা বন্ধ, কর্মবিরতিতে থাকা সব শিক্ষককে শোকজ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে নোয়াখালীর ২৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এসব প্রতিষ্ঠানের সকল শিক্ষককে শোকজ নোটিশ দিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

নোটিশে বলা হয়, ২ ডিসেম্বর থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছে, যা একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সময়মতো নেওয়া বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট শিক্ষকরা সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা গ্রহণ করেননি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছেন। এমনকি কিছু বিদ্যালয়ে তালাও লাগানো হয়েছে যা দায়িত্বহীন আচরণ।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী হিসেবে এই আচরণ সরকারি কর্মচারী আইন ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন। কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এদিকে শিক্ষক নেতা আব্দুর রহমান জানান, আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় নোয়াখালীর ৫০ জনের বেশি সহকারী শিক্ষককে প্রশাসনিক কারণে অন্য জেলায় বদলি করা হয়েছে। সর্বশেষ আদেশে পাঁচজন নেতাসহ মোট ৪২ জনকে পার্শ্ববর্তী জেলায় পাঠানো হয়েছে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামছুদ্দীন মাসুদও তাদের মধ্যে রয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব জানান, নির্ধারিত সময়ে পরীক্ষা না নেওয়া এবং সরকারি দায়িত্ব পালন না করার কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন। গত দুই দিন ধরে চলছে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন এবং বিদ্যালয়ে তালাবদ্ধ রাখার কর্মসূচি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970