শেষ ওভারে ছেলে দিলেন ৬ বলে ৩২ রান, এরপর হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
ক্রিকেট মাঠে খেলার উত্তেজনা কখনো আনন্দ দেয়, কখনো আবার বয়ে আনে অবর্ণনীয় বেদনা। শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের জন্য আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচের দিনটি পরিণত হলো জীবনের সবচেয়ে দুঃখের দিনে।
শেষ ওভারে তার করা ৬ বলে আফগান ব্যাটার মোহাম্মদ নবী তুলে নেন ৩২ রান। এক ওভারে পরপর পাঁচটি ছক্কা হজম করে ভেল্লালাগে প্রায় ভিলেন বনে যাচ্ছিলেন। কিন্তু মাঠের ভেতরের সেই চাপকেও ছাপিয়ে যায় মাঠের বাইরের এক ভয়াবহ খবর।
খেলা চলাকালীন টেলিভিশনে ম্যাচ দেখছিলেন তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। ছেলের করা শেষ ওভার দেখার পর তিনি প্রবল মানসিক চাপ ও শারীরিক অস্বস্তি অনুভব করেন। বুকে তীব্র ব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু চিকিৎসকরা জানান, ততক্ষণে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম লাঙ্কাসারা জানায়, ঘটনার আকস্মিকতা ভেল্লালাগে পরিবার ও ক্রিকেট মহলে গভীর শোকের ছায়া ফেলেছে। অনেকে মনে করেন, দুনিথ ভেল্লালাগে দেশের ভবিষ্যতের বড় ভরসা। তার বাবার এই অকাল মৃত্যু তাই সবার মনে দাগ কেটেছে।
সুরাঙ্গা ভেল্লালাগে নিজেও ছিলেন প্রতিভাবান ক্রিকেটার। আশির দশকের মাঝামাঝি সময়ে তিনি প্রিন্স অব ওয়েলস কলেজ ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছিলেন। ক্রিকেটের প্রতি ভালোবাসা ও ছেলের প্রতি আস্থা নিয়েই তিনি দুনিথকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতেন।
ম্যাচে অবশ্য শ্রীলঙ্কা জয় পেয়েছে। আফগানিস্তানের দেওয়া ১৭০ রানের লক্ষ্য ছয় উইকেট হাতে রেখে এবং আট বল বাকি থাকতে পেরিয়ে যায় লঙ্কানরা। কিন্তু মাঠের সেই জয় ম্লান হয়ে গেছে ভেল্লালাগে পরিবারের শোকে।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সুরাঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং দুনিথ ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।