বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে পাকিস্তান

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ এএম

ছবি: সংগৃহীত

বয়কটের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোয় আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নির্ধারিত ম্যাচে অংশ নেবে পাকিস্তান দল।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, অর্জিত কূটনৈতিক ফলাফল এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ভারতের বিপক্ষে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে।

গত কয়েক দিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে নিবিড় আলোচনা চলছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ইএসপিএন ক্রিকইনফো জানায়, এসব আলোচনা ইতিবাচক সমাধানের দিকেই এগোচ্ছে।

সোমবার সন্ধ্যায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর কিছুক্ষণ আগেই আইসিসি বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান শিথিল করার ঘোষণা দেয়।

উল্লেখ্য, ভারতে ভ্রমণে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে আইসিসি জানায়, বাংলাদেশের ওপর কোনো জরিমানা আরোপ করা হবে না। পাশাপাশি ২০২৮–২০৩১ চক্রে বাংলাদেশকে একটি অতিরিক্ত আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেওয়া হবে।

এই সিদ্ধান্তের পর বিসিবি এক বিবৃতিতে পিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নিতে পাকিস্তানের প্রতি অনুরোধ জানায়।

এর আগে রোববার বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসি পরিচালক পিসিবির সঙ্গে আলোচনার জন্য লাহোরে পৌঁছান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় সংহতি প্রকাশের অংশ হিসেবেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আইসিসির বোর্ড সভায় বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে বিসিবি ছাড়া একমাত্র পিসিবিই ভোট দেয়। এ প্রসঙ্গে মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অনুসরণের অভিযোগ তুলে বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেন।

সবশেষে আইসিসির সঙ্গে আলোচনায় বাংলাদেশের জন্য কিছু সুবিধা আদায় নিশ্চিত হওয়ার পর ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় পাকিস্তান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970