মেসি জানে আমি তাকে কতটা ভালোবাসি: নেইমার জুনিয়র
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম
দীর্ঘ বিরতির পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে বদলি হিসেবে মাঠে নেমে দর্শকদের উচ্ছ্বাসে ভাসেন তিনি। চোট কাটিয়ে জাতীয় দলে ফেরাটা ছিল তার জন্য বিশেষ এক উপলক্ষ।
তবে ম্যাচ শেষে আলোচনায় উঠে আসে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির নাম। এক সাক্ষাৎকারে মেসির জন্মদিন প্রসঙ্গে কথা বলতে গিয়ে দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ হন নেইমার।
তিনি বলেন, মেসি শুধু মাঠের ভেতরেই নয়, মাঠের বাইরেও একজন অসাধারণ মানুষ। তাকে বন্ধু হিসেবে পাওয়া নিজের জীবনের অন্যতম সেরা অর্জন বলেও উল্লেখ করেন ব্রাজিলিয়ান এই তারকা।
বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকে শুরু হওয়া তাদের বন্ধুত্ব পরবর্তীতে ফরাসি ক্লাবেও আরও দৃঢ় হয়েছে। নেইমার জানান, ব্যস্ত সময়সূচির মধ্যেও তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি বলেন, তারা প্রায়ই একে অপরের সঙ্গে কথা বলেন এবং মেসি ভালোভাবেই জানেন যে তিনি তাকে কতটা ভালোবাসেন।
ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল প্রতিদ্বন্দ্বিতা বিশ্বজুড়ে পরিচিত হলেও, দুই দেশের সমর্থকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার বিষয়টিও তুলে ধরেন নেইমার। আর্জেন্টিনার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে বিশ্বকাপের নকআউট পর্বকে সামনে রেখে উত্তেজনা বাড়ছে। আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতার শেষভাগে মেসি ও নেইমারের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
ফুটবল মাঠে তারা প্রতিপক্ষ হলেও ব্যক্তিগত সম্পর্কে যে তাদের বন্ধুত্ব অটুট, নেইমারের সাম্প্রতিক মন্তব্যে সেটিই আবারও স্পষ্ট হয়ে উঠেছে।