সিকৃবিতে বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্য কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম ও প্রক্টর ড. জসিম উদ্দিনসহ অন্তত সাতজন আহত হয়েছেন বলে উপস্থিত শিক্ষকরা জানিয়েছেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে চলমান নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে কয়েকজন শিক্ষক উপাচার্যের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। আহতদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী ‘সাদা দল’-এর সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. এমদাদুল হক অভিযোগ করেন, নির্বাচনের সময় চতুর্থ শ্রেণির কর্মচারীদের অ্যাডহক নিয়োগে ত্রুটি ছিল। তারা উপাচার্যকে নিয়োগ স্থগিতের অনুরোধ করলেও তিনি ১০ ফেব্রুয়ারি নিয়োগ দেন। এ বিষয়ে আলোচনা করতে গেলে প্রক্টর ড. জসিম উদ্দিন তাদের এক সহকর্মীর ওপর চড়াও হন বলে দাবি করেন তিনি।

ঘটনার বিষয়ে জানতে প্রক্টরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম বলেন, যোগদানের পর থেকেই কিছু শিক্ষক ও কর্মচারী অযথা উত্তেজনা সৃষ্টি করছেন। তার দাবি, সর্বশেষ নিয়োগে কোনো ধরনের অনিয়ম হয়নি; লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যদেরই নিয়োগ দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছয়জন আহত হয়েছেন বলেও তিনি স্বীকার করেন।

এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। সিলেট মহানগর পুলিশ–এর শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970