লন্ডনে বসে দেশ পরিচালনা করা যায় না: সাদিক কায়েম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ভাইস-প্রেসিডেন্ট সাদিক কায়েম বলেছেন, দেশের নেতৃত্ব দিতে হলে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ থাকতে হবে এবং মাঠের বাস্তবতা জানতে হবে। লন্ডনে বসে নির্দেশনা দিয়ে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে এক ছাত্র–যুব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রনেতা।

তিনি বলেন, দেশের নেতৃত্ব যোগ্যতা, কাজ এবং জনগণের আস্থার ওপর প্রতিষ্ঠিত হতে হবে। অতীতের বিভিন্ন সরকার বিদেশি প্রভাবকে গুরুত্ব দিয়ে দেশের স্বার্থ উপেক্ষা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, “বাংলাদেশ আর কোনো দেশের ইশারায় চলবে না; দেশের মানুষ ও স্বাধীনতার চেতনার ভিত্তিতেই রাষ্ট্রকে এগোতে হবে।”

সীমান্ত পরিস্থিতির সমালোচনা করে সাদিক কায়েম বলেন, অতীতে সীমান্ত এলাকায় বহু নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে, যার বিচার আজও হয়নি। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে জনগণ কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও অভিযোগ করেন, অতীতের সরকারগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে— যা ‘নতুন বাংলাদেশে’ আর মেনে নেওয়া হবে না। জনগণের অধিকার ও মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ নেতৃত্ব গঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

তরুণ প্রজন্ম প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্ররাজনীতিতে ‘ইনসাফমুখী’ নেতৃত্ব তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করবে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণ এবার বড় ব্যবধানে পরিবর্তনের পক্ষে রায় দেবে।

সমাবেশে সিলেট-৪ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970