মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম
রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় ধাওয়া খেয়ে তুরাগ নদে লাফ দিয়ে ডুবে মারা গেছে এক যুবক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধ এলাকার ঘটনাটি ঘটে। নিহতের নাম সাইয়াফ (১৮)। এ সময় রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮) নামে আরও একজনকে স্থানীয়রা ধরে পুলিশে হস্তান্তর করে। এ ঘটনার সঙ্গে জড়িত আরও একজন পালিয়ে গেছে বলে জানা গেছে।
শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান জানান, রাত ১০টা ২২ মিনিটে বেড়িবাঁধের পাশে রাখা কিরণমালা পরিবহনের একটি ফাঁকা বাসে আগুন লাগিয়ে দেয় কয়েকজন দুর্বৃত্ত। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে একজন তুরাগ নদে ঝাঁপ দেয় এবং ডুবে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সে সাঁতার জানত না।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে কেরোসিন ছিটিয়ে বাসে আগুন ধরিয়ে ভিডিও করছিল। স্থানীয়দের নজরে এলে তারা দৌড়ে পালাতে থাকে। একজনকে ধরে ফেলা হয়, একজন নদে ঝাঁপ দিয়ে মারা যায়, আরেকজন পালিয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ২২ মিনিটে খবর পেয়ে দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।