নোয়াখালীতে কিশোর বিজয় হত্যা: দেলোয়ার বাহিনীর সদস্য সৈকত গ্রেফতার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর মারওয়ান হোসেন বিজয়কে কুপিয়ে হত্যার দুই দিন পর মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (৬ অক্টোবর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত যুবক শাফায়েত হোসেন সৈকত (২০)। তিনি উপজেলার একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বএকলাশপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে। র‍্যাব জানায়, রবিবার রাত পৌনে ১২টার দিকে বেগমগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে উপজেলার কল্লা মার্কেট এলাকায় কিশোর বিজয়কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত বিজয় (১৮) বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বার বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈকত আলোচিত ‘দেলোয়ার বাহিনী’র সক্রিয় সদস্য। কয়েকদিন আগে শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা এক নিরীহ ব্যক্তিকে মারধর করছিল। ওই সময় বিজয় সাহসিকতার সঙ্গে তাকে তাদের হাত থেকে উদ্ধার করে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বিজয়ের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে কল্লা মার্কেট এলাকায় বিজয়কে গতি রোধ করে ধরে ফেলে সন্ত্রাসীরা। পরে এলোপাতাড়ি কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে।

ঘটনার পর নিহতের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব-১১ এর কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু বলেন, “ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এক আসামিকে গ্রেফতার করেছি এবং তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970