আজ রাতে পাকিস্তানে আসতে পারে ইরানের প্রতিনিধিদল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে বলে জানিয়েছে কয়েকটি সরকারি সূত্র।
সূত্রগুলোর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আশাবাদ তৈরি হয়েছে।
এর আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। উভয় পক্ষই এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছেন।
আলাপকালে ইশাক দার চলমান সংকট নিরসনে নিয়মিত ও ধারাবাহিক সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন আব্বাস আরাগচি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও পৃথকভাবে ফোনে কথা বলেছেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে এই ফোনালাপের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
এদিকে জানা গেছে, আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের অন্তত নয়টি বিমান ইসলামাবাদে পৌঁছেছে। এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তা কর্মী এবং কারিগরি দল ছিল।
বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক তৎপরতা দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের দিকে বড় একটি অগ্রগতি হতে পারে। সূত্র: আল-জাজিরা