আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মী গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম
পাবনার সুজানগরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তাদের অঙ্গসংগঠনের ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার মথুরাপুর এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় একটি দল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হচ্ছে। এরপর রাত পৌনে ১১টার দিকে অভিযান চালানো হলে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরে রাতভর অভিযান চালিয়ে মোট ২১ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয়ভাবে জানা গেছে, তারা সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সমর্থক।
থানা সূত্রে আরও জানা যায়, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অন্যদিকে স্থানীয় অভিযোগ রয়েছে, দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও সম্প্রতি আব্দুল ওহাব ও তার অনুসারীরা এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। রমজান মাসে প্রকাশ্যে ইফতার আয়োজন এবং বিভিন্ন দলীয় কর্মসূচি পালনের চেষ্টার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
এছাড়া সম্প্রতি পাবনা জেলা জজ আদালতে হাজিরা শেষে আদালত চত্বরে একাধিকবার জয় বাংলা স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।