বন্যাদুর্গত চট্টগ্রামের তিন উপজেলা সফরে যাবেন প্রধানমন্ত্রী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

ছবি: সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এ সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সূচি চূড়ান্ত হয়েছে। সফরকালে তিনি বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য সরকারি সহায়তায় নির্মিত নতুন ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি দলীয় পর্যায়েও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্মাণাধীন বাড়িগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সফরের দিন এসব বাড়ি উপকারভোগীদের কাছে হস্তান্তরের পাশাপাশি একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালী এলাকায় যাবেন। সেখানে সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি স্থানীয়দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তাকে এবং দলের সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। সফর সফল করতে দলীয়ভাবে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি চলছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত সফরসূচি হাতে পাওয়া যায়নি। চূড়ান্ত সূচি পাওয়ার পর সে অনুযায়ী বাকি প্রস্তুতি সম্পন্ন করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970